• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মক্কা গার্ডেন’ প্রজেক্টে অনিয়মের অভিযোগ: রাজউকের নোটিশের পরও চলছে নির্মাণ

সাইফুল ইসলাম গংয়ের বিরুদ্ধে নকশা লঙ্ঘন ও সেফটি ব্যবস্থার অভাবের অভিযোগ; দ্রুত হস্তক্ষেপ চায় সচেতন জনগন

অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
‘মক্কা গার্ডেন’ প্রজেক্টে অনিয়মের অভিযোগ: রাজউকের নোটিশের পরও চলছে নির্মাণ
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরখান এলাকায় ‘মক্কা গার্ডেন’ প্রজেক্টকে ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটির মালিক সাইফুল ইসলাম গংয়ের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অনুমোদিত নকশা ও বিধিমালা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

 সরেজমিনে দেখা যায়, উত্তরখান পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ভবনটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) গ্রহণ করা হয়নি। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ না থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভবনের কাঠামোগত নকশা লঙ্ঘন করে কলামের বাইরে অতিরিক্ত ডেভিয়েশন রাখা হয়েছে, যা ভবনের স্থায়িত্ব ও সামগ্রিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। পাশাপাশি নির্মাণকাজের সময় রাস্তায় ঢালাই মিশ্রণ প্রস্তুত ও ফেলে রাখায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের ইতোমধ্যে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে।

তবে অভিযোগ থাকা সত্ত্বেও নির্মাণকাজ বন্ধ হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, নোটিশ উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, যা রাজউকের তদারকি কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলছে।

অভিযোগের বিষয়ে প্রকল্পের মালিক সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

এদিকে, নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনা করে অনিয়ম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজউকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।