
বঙ্গোপসাগরের তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘শেন-ইয়ার’। এটি আজ বুধবারই আঘাত হানবে বলে জানা গেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বুধবার সকালে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এবারের ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
শেন-ইয়ার শব্দের অর্থ সিংহ। মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়টি ১০ কিলোমিটার বেগে পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হয়। এটি বুধবার দুপুর পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে থাকবে। এরপর দুপুরের আগে স্থলে আঘাত হেনে ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করবে। আগামী ২৪ ঘণ্টা এটি ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রাখবে, এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ার কুতা মাকমুর থেকে ১০০ কিলোমিটার, মালয়েশিয়ার জর্জটাউন থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব ও নিকোবর চর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
মালাক্কায় ঘূর্ণিঝড় সৃষ্টির পাশাপাশি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার তৎসংলগ্ন এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অঞ্চল শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। মালাক্কা প্রণালীর এ ঘূর্ণিঝড়টি ইন্দোনেশিয়ায় আঘাত হানবে, এটি ভারত বা বাংলাদেশের দিকে আসবে না। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস।