ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি বেড়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশু দুটির বয়স ছিল ৩ মাস ও ১০ মাস।
হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মৃত শিশুদের একজন ঈশ্বরগঞ্জ উপজেলার এবং অন্যজন জামালপুর জেলার বাসিন্দা। জামালপুরের তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গ নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জের ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত হাম আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মারা গেছেন মোট ৩১ জন।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।
ডা. ঝন্টু সরকার বলেন, টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে আসবে। হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। সামান্য সচেতনতাই শিশুদের সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।