• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের তিন সংসদ সদস্যের কাছে একজন সিনিয়র সাংবাদিকের প্রশ্ন—ত্যাগী মানুষদের খোঁজ নেওয়ার সময় কি আপনাদের নেই?

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ২১:৫৫ অপরাহ্ণ
শরীয়তপুরের তিন সংসদ সদস্যের কাছে একজন সিনিয়র সাংবাদিকের প্রশ্ন—ত্যাগী মানুষদের খোঁজ নেওয়ার সময় কি আপনাদের নেই?
সংবাদটি শেয়ার করুন....

ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর যারা লড়াই-সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগের মূল্যায়ন আজ কোথায়? আর যারা সেই কঠিন সময়ে আরাম-আয়েশে ছিলেন, তারা আজ কীভাবে ক্ষমতার সুযোগ-সুবিধা ভোগ করছেন?
একজন সিনিয়র সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং দৈনিক শরীয়তপুর কন্ঠ ও দৈনিক অজানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইকবাল হোসেন সরদার হিসেবে আমার প্রশ্ন আজ শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যদের কাছে।
আমাকে প্রায় ১৭টি বছর ফেরারি আসামি হয়ে বন-জঙ্গলে লুকিয়ে থাকতে হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা দায়ের হয়েছে। ৯ বছরের সশ্রম কারাদণ্ডসহ বহুবার কারাগারে নিক্ষেপিত হতে হয়েছে। এমনকি আমার সম্পাদনায় প্রকাশিত দুটি দৈনিক পত্রিকা—দৈনিক শরীয়তপুর কন্ঠ ও দৈনিক অজানা—এর ডিক্লারেশনও বাতিল করা হয়েছে।
এসব কি কোনো আনন্দের ইতিহাস, নাকি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য একজন গণমাধ্যমকর্মীর ত্যাগ ও সংগ্রামের বাস্তব চিত্র?
অথচ আজ বড় কষ্ট ও বিস্ময়ের বিষয়, শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনের কোনো একজন সংসদ সদস্যও এখন পর্যন্ত আমার খোঁজখবর নেওয়ার প্রয়োজন অনুভব করেননি। একজন সিনিয়র সাংবাদিক ও দুটি দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করার মতো ন্যূনতম সৌজন্যটুকুও কি তাদের নেই?
প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যারা জীবন, পরিবার, পেশা ও স্বাধীনতা বিসর্জন দিয়ে লড়াই করেছেন, তাদের মূল্যায়ন কোথায়?
নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব কি শুধু ক্ষমতার বলয় তৈরি করা? নাকি অতীতের নিপীড়ন-নির্যাতনের শিকার মানুষদের পাশে দাঁড়ানোও তাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব?
আজ মনে হচ্ছে, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া নেতা-কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করতেই যেন বেশি ব্যস্ত আমাদের জনপ্রতিনিধিরা। যদি তা না হয়, তাহলে ত্যাগী ও নির্যাতিত মানুষদের প্রতি এই নীরবতার কারণ কী?
রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হলে ফুলের মালা, কারাগারের গেটে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনা, এরপর সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও সম্মান—কিন্তু যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছেন, তাদের জন্য কি কোনো মূল্যায়ন নেই?
সরকারি গণমাধ্যম অধিদপ্তরের মহাপরিচালক, ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধানমন্ত্রীর চতুর্থ প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও মূল্যায়নের ক্ষেত্রে ত্যাগী গণমাধ্যমকর্মীদের কথা কি একবারও বিবেচনায় আসে না?
আমি কোনো ব্যক্তিগত অনুগ্রহ চাই না। চাই না কারও দয়া বা করুণা। আমি চাই ন্যায্য মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের যথাযথ স্বীকৃতি।
শরীয়তপুরের তিন সংসদ সদস্যের কাছে আমার স্পষ্ট প্রশ্ন—আপনারা কি শুধু নির্বাচনের সময় জনগণের ভোট ও সমর্থন চান, নাকি নির্বাচিত হওয়ার পর জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্বও পালন করবেন?
ইতিহাস একদিন অবশ্যই মূল্যায়ন করবে—ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা লড়াই করেছে, কারা নির্যাতন সহ্য করেছে, আর কারা সেই ত্যাগের সুফল ভোগ করছে।