• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সময় না দেওয়ার হুমকিদাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জনগণ বিএনপিকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
সরকারকে সময় না দেওয়ার হুমকিদাতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা সরকারকে সময় দেওয়া যাবে না বলে হুমকি দিচ্ছে তারা জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে কথা বলছে। এ ধরনের শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ বিএনপিকে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সময়ও দিয়েছে।

বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে। জনগণ বিএনপিকে সময় দিয়েছে দেশকে গড়ে তোলার জন্য। যারা বলে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তারা জনগণের স্বার্থে কথা বলছে না, নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।”

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা জনগণ ভুলে যায়নি। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “মনে আছে তো একাত্তরে এরা কী করেছিল? মনে আছে ’৮৬-তে কী করেছিল? দীর্ঘ আন্দোলনের সময়ও তাদের কোথাও দেখা যায়নি।”

জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ, গুম ও নির্যাতনের শিকারদের বড় অংশই বিএনপি পরিবারের সদস্য ও সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা, কারাবরণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “মানুষ বিএনপিকে বলেছে দেশকে গড়ে তুলতে। আগামী পাঁচ বছর তোমাদের সময় দিলাম দেশকে ঠিক করার জন্য। স্বৈরাচার দেশকে খালি করে দিয়ে গেছে।”

এর আগে বিকেল ৩টার দিকে তিনি মৌলভীবাজারে পৌঁছান। সেখানে প্রান্তিক নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ১০ জন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেন। একইসঙ্গে অনলাইনের মাধ্যমে আরও ২১ জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আম ও নিমগাছের চারা এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

অনুষ্ঠানে চা-শ্রমিকদের আবাসন সহায়তা, তাদের সন্তানদের বৃত্তি, দুঃস্থ ও অসহায় মানুষ, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার জনগণের অঙ্গীকারে পরিণত হয়েছে। যারা এসব পরিকল্পনা ব্যর্থ করতে চায়, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। “বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই যথেষ্ট। কারণ এই দেশের মালিক বাংলাদেশের জনগণ,” বলেন তিনি।

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশ-বিদেশে আলোচিত হয়েছে। তিনি বলেন, “এখন থেকে বাংলাদেশের মানুষের সম্পদ দেশেই থাকবে। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে।”

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সামনের সময় কাজ করার, দেশ গড়ার এবং দেশের ভাগ্য পরিবর্তনের সময়। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, তাহলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না।”

তিনি আরও বলেন, “একাত্তরে বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট জনগণই দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। কাজেই দেশও গড়ে তুলবে জনগণই।”

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ ও দেশের মানুষকে কেন্দ্র করে। “দেশ গড়াই হবে আমাদের আগামী দিনের রাজনীতি,” বলেন তিনি।

সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানিভাতা, শিক্ষার্থীদের পোশাক বিতরণ এবং ক্রীড়া উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগের সুফল দলমত নির্বিশেষে দেশের সব মানুষ ভোগ করবে।

তিনি বলেন, “বর্তমান সরকার কোনো বিশেষ দলের সরকার নয়, এটি সকল শ্রেণি-পেশার মানুষের সরকার। আমাদের সরকারের মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা।”

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারহানা শারমিন, জাতীয় সংসদের হুইপ জিকে গউস, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন।