সীমান্ত হত্যা বন্ধে সরকারের উদ্যোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
“সীমান্ত রক্ষা করতে না পারলে তারা ভুয়া জাতীয়তাবাদী”— কসবায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে এনসিপি নেতার মন্তব্য
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেছেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টাদের এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, “সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রন্ত্রীর কোনো বক্তব্য নেই। এ ধরনের ঘটনা বন্ধে তাদের কোনো উদ্যোগও নেই। এ অবস্থায় তাদের চুড়ি পরিয়ে রাখা দরকার।”
মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গত শুক্রবার রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সীমান্ত পরিস্থিতি সামাল দিতে না পারলে সরকারের জাতীয়তাবাদী অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “সরকারকে বলব, যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। যদি সীমান্ত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি ভুয়া জাতীয়তাবাদী।”
তার ভাষায়, “যারা ভুয়া জাতীয়তাবাদী, তাদের হাতে দেশ নিরাপদ নয়।”
এ সময় নিহতদের ‘চোরাকারবারি’ উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশ-এর দেওয়া বিজ্ঞপ্তিরও সমালোচনা করেন তিনি। তার দাবি, এতে বাংলাদেশের নাগরিকদের মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “এটি ভারতীয় বয়ান। বিজিবিকে এ ধরনের অবস্থান থেকে সরে আসতে হবে।”
সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গও টানেন। তার দাবি, ওই ঘটনার পর দেশের সীমান্তরক্ষী বাহিনীর “মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে”।
এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত এলাকায় খাল খননের পরিকল্পনার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে ভারত থেকে মাদক প্রবেশ কমে আসবে।
ভারতের সীমান্ত এলাকায় মাদক কারখানা থাকার অভিযোগ তুলে তিনি বলেন, “অনেক সংসদ সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি মাদকের সঙ্গে জড়িত কি-না, তা খতিয়ে দেখা দরকার। না হলে বাংলাদেশে মাদক আসে কীভাবে?”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং দক্ষিণাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।