• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিএনসিসির বিশেষ মশক নিধন অভিযান শুরু
সংবাদটি শেয়ার করুন....

ঈদের দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হওয়ায় ডেঙ্গু ঝুঁকি মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির আওতাধীন ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে “Clean School, No Mosquito” শিরোনামে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাওয়ায় ক্যাম্পাসগুলোতে এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বাসযোগ্য ও মশামুক্ত নগরী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিন দিনের মধ্যে ৫৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসি সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে অপসারণ ও ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষসহ আশপাশের এলাকায় লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হবে।