থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেছে কম্বোডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতির দাবি করলেও, তার কয়েক ঘণ্টার মধ্যেই থাই বাহিনী সীমান্ত এলাকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে বলে জানায় কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে একাধিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা নিক্ষেপ করে, যার মধ্যে হোটেল ও একটি সেতু লক্ষ্য করে হামলার ঘটনাও রয়েছে। কম্বোডিয়ার অভিযোগ, ঘোষিত যুদ্ধবিরতির পরও থাইল্যান্ড হামলা বন্ধ করেনি এবং এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সহিংসতা ষষ্ঠ দিনে পা রেখেছে। এদিকে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, একই সঙ্গে থাইল্যান্ডের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং বিরোধপূর্ণ সীমান্ত এলাকার দুই পাশে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র : বিবিসি।