২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির নাম জানানো হয়। ঘোষিত স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। বাদ পড়েছেন চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তও। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে এবার মোট ছয়জন ক্রিকেটার দলে নেই, তবে আগের দল থেকে নয়জন নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছেন।
নতুন ঘোষিত দলে সাতজন ব্যাটসম্যান, তিনজন স্পিনার ও পাঁচজন পেস বোলার রাখা হয়েছে। আগের আসরেও যারা খেলেছেন তাদের মধ্যে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান।
এবারের স্কোয়াডে মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের আলী ও নাজমুল হোসেন শান্তের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হতে যাচ্ছে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন ম্যাচের দুটি অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।