স্ত্রীসহ মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে গেছে মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বৃহৎ পরিসরে একটি সফল হামলা পরিচালনা করেছে। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে সরিয়ে আনা হয়েছে।” তিনি আরও জানান, এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনের ঘোষণাও দেন তিনি। এর আগে ভেনেজুয়েলা সরকার এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ করে জানায়, যুক্তরাষ্ট্র দেশটির একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা তারা সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকারি তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে হামলা চালানো হয়েছে। কারাকাসের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের লক্ষ্যেই এই আক্রমণ চালানো হয়েছে, তবে সে চেষ্টা সফল হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়ার কিছুক্ষণ আগেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাণিজ্যিক বিমান চলাচলের জন্য ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে, যাকে তারা ‘চলমান সামরিক তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে। এফএএর এই বিধিনিষেধ কার্যকরের পরই কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসনে উসকানি দেওয়ার অভিযোগ করে আসছেন এবং জানিয়েছেন, মার্কিন যেকোনো অভিযানের মূল লক্ষ্য মাদক চোরাচালান বন্ধ করা। অন্যদিকে মাদুরোর দাবি, ট্রাম্প ভেনেজুয়েলাকে উপনিবেশে পরিণত করতে চান এবং তার আসল নজর দেশটির বিপুল জীবাশ্ম জ্বালানি সম্পদের দিকে। ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর বিজয়কে যেসব দেশ স্বীকৃতি দেয়নি, যুক্তরাষ্ট্র তাদের অন্যতম। সূত্র: বিবিসি।