• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যার শিকার: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১৩:২৩ অপরাহ্ণ
২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যার শিকার: জাতিসংঘ
সংবাদটি শেয়ার করুন....

২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী তার কাছের কোনও মানুষের হাতে হত্যার শিকার হয়েছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে নারীহত্যার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির অভাবের নিন্দা জানানো হয়েছে। নারীহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারী ও কিশোরী তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে নিহত নারীদের ৬০ শতাংশই তাদের সঙ্গী বা বাবা, চাচা, মা, ভাইসহ আত্মীয়স্বজনের হাতে খুন হয়েছেন, যেখানে মাত্র ১১ শতাংশ পুরুষ তাদের পরিচিতদের হাতে হত্যার শিকার হন।

১১৭টি দেশের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন ১৩৭ জন নারী নিহত হন— অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন নারী। গবেষণায় বলা হয়েছে, প্রতি বছর হাজার হাজার নারী ও কিশোরী হত্যার শিকার হলেও উন্নতির কোনো লক্ষণ নেই; বরং তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠছে নিজেদের বাড়ি-ঘর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারীহত্যা থেকে মুক্ত নয়; তবে গত বছর আফ্রিকায় সবচেয়ে বেশি, প্রায় ২২ হাজার হত্যার ঘটনা ঘটেছে।

জাতিসংঘের নারী নীতি বিভাগের পরিচালক সারাহ হেনড্রিক্স বলেন, নারীহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সহিংসতার ধারাবাহিকতা, যা আচরণ, হুমকি ও হয়রানি দিয়ে শুরু হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন নারী ও কিশোরীদের বিরুদ্ধে কিছু সহিংসতা তীব্রতর করেছে এবং নতুন সহিংসতার জন্ম দিয়েছে, যেমন সম্মতিহীন ছবি শেয়ারিং ও ডিপফেক ভিডিও। হেনড্রিক্স বলেন, এমন আইন বাস্তবায়ন জরুরি, যা অনলাইন ও অফলাইন— উভয় ক্ষেত্রেই অপরাধকে মারাত্মক হওয়ার আগেই জবাবদিহিতার আওতায় আনবে। সূত্র: ইউএন, এএফপি