• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় সমুদ্রপথে সহায়তা পাঠাতে বাধ্য হলো পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় সমুদ্রপথে সহায়তা পাঠাতে বাধ্য হলো পাকিস্তান
সংবাদটি শেয়ার করুন....

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা হিসেবে সমুদ্রপথে ২০০ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ভারত বিমানপথে ত্রাণ পাঠাতে অনুমতি না দেওয়ায় তারা সমুদ্রপথকে বেছে নিতে বাধ্য হয়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডিটওয়াহ’তে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ পাঠানো হয়। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসলামাবাদ দাবি করেছে, ভারতের বাধার কারণে বিমানপথে ত্রাণ পাঠানো সম্ভব হয়নি এবং আকাশপথ ব্যবহার অনুমোদন না মেলায় বিশেষ ত্রাণবাহী বিমানটি ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকে। যদিও এ বিষয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানের অভিযোগ ‘রাজনৈতিক প্রপাগান্ডা’।

গত মাসের শেষে ঘূর্ণিঝড় ডিটওয়াহ আঘাত হানার পর শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দেয়, যা দেশটির সরকারকে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, যেখানে অন্তত ৪১০ জন মারা গেছে এবং ৩৩৬ জন নিখোঁজ রয়েছে। হাজারো মানুষ ঘরছাড়া হয়েছে, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডিটওয়াহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণের প্রতি সংহতি জানিয়ে সমুদ্রপথে ২০০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কেন্দ্রিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাশাপাশি পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজও শ্রীলঙ্কায় উদ্ধার তৎপরতায় সহায়তা করছে।

সূত্র: আরব নিউজ।