• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা, ভিনি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা? দেখুন গ্রুপ বিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা

কাদের ম্যাচ দিয়ে কিক-অফ বিশ্বকাপের?

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা, ভিনি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা? দেখুন গ্রুপ বিন্যাসের পূর্ণাঙ্গ তালিকা

ছবি :: ফুটবল গ্রাউন্ডে ফিফা কাপের দৃশ্য

সংবাদটি শেয়ার করুন....

আগামী বছর ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার ঠিক ১৮৮ দিন আগে ঘোষণা করা হলো এবারের আসরের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপ পেল আর্জেন্টিনা। কঠিন লড়াই অপেক্ষা করছে ব্রাজিলের সামনে—কারণ তাদের গ্রুপে রয়েছে মরক্কো। ফ্রান্সও পড়েছে কিছুটা চ্যালেঞ্জিং গ্রুপে। ২০২২ বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ‘অ্যাটলাস লায়ন্স’ মরক্কো, যারা গতবার চতুর্থ হয়েছিল। সিআর৭–দের বিপক্ষে এবার কারা থাকবে তা নিয়েও আগ্রহ তুঙ্গে। অন্যদিকে, গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড—যা সহজ ম্যাচ নয় তা বলাই যায়।

ভারতীয় সময় রাত সাড়ে দশটায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সম্পন্ন হয় বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সংবাদকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন। তিন মহাদেশের ম্যাসকট নিয়ে জমে ওঠে অনুষ্ঠান। শুরুতেই পারফর্ম করেন ইটালিয়ান গায়ক আন্দ্রেয়া বোচেল্লি। সঞ্চালনায় ছিলেন সুপারমডেল হাইডি ক্লুম ও অভিনেতা কেভিন হার্ট।

বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’ পরিবেশন করেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন অনুষ্ঠানে। বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ড্র পরিচালনার জন্য ডাকা হয় ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে। আর বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আয়োজক তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রকে রাখা হয় যথাক্রমে গ্রুপ A, B এবং C–তে। গ্রুপ A–তে মেক্সিকো, কোরিয়া রিপাবলিকের সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা—যা আবারও স্মরণ করিয়ে দেবে ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচের স্মৃতি, যখন একই দুই দল মুখোমুখি হয়েছিল।

ক্যারিয়ারের প্রায় সব ট্রফি জিতলেও এখনও বিশ্বকাপ বাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সিআর৭–এর শেষ বিশ্বকাপে ট্রফি উঠুক—এটাই ভক্তদের প্রত্যাশা। তবে পথ মোটেও সহজ নয়। কারণ গ্রুপ K–তে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলা উজবেকিস্তান লড়বে পর্তুগাল ও কলম্বিয়ার মতো দলের বিপক্ষে। গ্রুপ J–তে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডনের বিরুদ্ধে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্যও অপেক্ষা কঠিন পরীক্ষা—তাদের সামনে মরক্কো ছাড়াও আছে স্কটল্যান্ড ও হাইতি।

৪৮ দেশের বিশ্বকাপ এবার ইতিহাস গড়বে। ৩২ দেশ থেকে বাড়িয়ে ৪৮ দেশের টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াবে ৮০। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে সব দল। ফিফা গ্রুপ ভাগে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে—এক গ্রুপে ইউরোপের দুটির বেশি দল রাখা যাবে না, আর অন্য মহাদেশের দুটি দলও একই গ্রুপে রাখা হবে না। ইতোমধ্যেই ৪২টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, বাকিরা বাছাইয়ের শেষ রাউন্ডে। সেই হিসেব মাথায় রেখেই গ্রুপ সাজানো হয়েছে।

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

গ্রুপ A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, প্লে-অফ ‘D’ জয়ী
গ্রুপ B: কানাডা, প্লে-অফ ‘B’ জয়ী, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ C: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ D: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘C’ জয়ী
গ্রুপ E: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ F: নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘B’ জয়ী, তিউনিশিয়া
গ্রুপ G: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ H: স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ I: ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে
গ্রুপ J: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ K: পর্তুগাল, প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ L: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

প্রশ্ন উঠছে—কোনগুলো হলো ‘গ্রুপ অব ডেথ’? বিশেষজ্ঞদের মতে গ্রুপ A, G এবং L–ই সবচেয়ে কঠিন। কারণ আয়োজক মেক্সিকোর সঙ্গে গ্রুপ A–তে রয়েছে কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ G–তে মো সালাহর মিশর খেলবে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর গ্রুপ L গঠিত হয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা নিয়ে—যা নিঃসন্দেহে শক্তিশালী লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...