• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন....

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং এটি আরও স্থিতিশীল হবে। নির্বাচনি ব্যয় নিয়ে কোনো ধরনের সংকট হবে না উল্লেখ করে তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

এর আগে গতকাল রবিবার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে একটি মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, উন্নত চিকিৎসার লক্ষ্যে দুপুরেই ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় মেডিক্যাল এয়ার অ্যাম্বুল্যান্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। একই সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...