ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের আটক করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে পড়েছে ছাত্রজনতা। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয় এবং অংশগ্রহণকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন।
বেলা ১টা ২০ মিনিটের দিকে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়, তবে ছাত্রজনতা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। পরবর্তীতে হাইকোর্ট মাজারের সামনে বেলা ১টা ২৩ মিনিটে আবার পুলিশের বাধার মুখে পড়লেও সেখানকার ব্যারিকেড অতিক্রম করে তারা অগ্রসর হয়। এরপর বেলা ১টা ২৭ মিনিটে শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয়মুখী সড়কে পুলিশ পুনরায় বাধা দিলে ছাত্রজনতা সেখানে অবস্থান নেয় এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেয়। এর আগে গতকাল রবিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এ কর্মসূচির ডাক দেন এবং ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।