মোবাইল ফোনের দাম সহনীয় পর্যায়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দেওয়ার বিষয়ে এনবিআর ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমদানি শুল্কের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অবৈধ আমদানি নিয়ন্ত্রণে মোবাইল ফোনের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ট্রেড থেকে তুলনামূলক বেশি কর আরোপ করা হয়, যা সবসময় রাজস্ব বৃদ্ধির জন্য নয়, অনেক ক্ষেত্রে স্থানীয় শিল্প সুরক্ষার জন্য করা হয়। তিনি জানান, মোবাইল ম্যানুফ্যাকচারাররা আমদানি শুল্ক কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরকার এনইআইআর চালুর প্রেক্ষাপটে বিষয়টি কীভাবে সামঞ্জস্য করা যায়, তা বিবেচনা করছে। আবদুর রহমান খান বলেন, উভয় পক্ষের স্বার্থ রক্ষা এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য সরকার চায় দেশে মোবাইল ও স্মার্টফোনের দাম কমুক এবং সে জন্য উৎপাদন ও আমদানির দুই ক্ষেত্রেই ছাড় দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে গ্রে মার্কেটের মাধ্যমে আসা উচ্চমূল্যের ফোন থেকে সরকার প্রকৃত রাজস্ব পায় না, তবে এনইআইআর কার্যকর হলে ফোনগুলো ফরমাল চ্যানেলে আসবে এবং এতে সামগ্রিকভাবে রাজস্ব বাড়বে। বর্তমানে স্মার্টফোনে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে ৬১ দশমিক ৮ শতাংশ কর রয়েছে এবং উৎপাদন ও সংযোজনের ধরন অনুযায়ী ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। বিজয় দিবস থেকে দেশে এনইআইআর কার্যকর হচ্ছে, তবে অবৈধভাবে আমদানি করা ফোন আগামী ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ পাবে, এর পর এসব ফোন নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে না। এনইআইআর চালুর বিরোধিতায় সম্প্রতি মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও গত ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বহুপক্ষীয় বৈঠকের মাধ্যমে তিন মাসের ছাড় দেওয়া হয়েছে।