দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেটের বাইরে : বিবিএস জরিপ
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
প্রতীকী ছবি
সংবাদটি শেয়ার করুন....
দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখনো ইন্টারনেটের আওতার বাইরে রয়েছে—বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী, দেশের মোট ১৬ কোটি ৯৮ লাখ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৮ কোটি ৩০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ৮ কোটি ৭০ লাখ মানুষ এখনো কার্যত ডিজিটাল সংযোগবিহীন অবস্থায় রয়েছে।
তারা রাষ্ট্রীয় ডিজিটাল সেবা, তথ্যপ্রাপ্তি এবং প্রযুক্তিনির্ভর সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। বিবিএস প্রতি তিন মাস অন্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের ওপর জরিপ পরিচালনা করে থাকে। সর্বশেষ জরিপটি জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে পরিচালিত হয় এবং দেশের ৬১ হাজার ৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেখানে পাঁচ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়। বিবিএসের সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।
গত এক দশকে সরকারি বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ ব্যয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হলেও বাস্তবে সাধারণ মানুষের কাছে তার পূর্ণ সুফল পৌঁছায়নি বলেই জরিপে ইঙ্গিত পাওয়া যায়। বিবিএসের তথ্য বলছে, দেশে ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৪৮.৯ শতাংশ মানুষ। যদিও দেশে ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু নিজস্ব মালিকানায় মোবাইল সেট আছে কেবল ৫৭ শতাংশের।
অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশ মানুষ এখনো অন্যের মোবাইলের ওপর নির্ভরশীল, যা ব্যক্তিগত ইন্টারনেট ব্যবহারে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, একটি পরিবারে এক বা দুইটি ফোন থাকলেও ব্যবহারকারী একাধিক হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ধারাবাহিকতা বজায় থাকে না। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও প্রবীণদের ক্ষেত্রে এ সীমাবদ্ধতা আরও বেশি প্রভাব ফেলছে। ইন্টারনেট ব্যবহারে লিঙ্গভিত্তিক বৈষম্যও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পুরুষদের মধ্যে যেখানে ৫১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারীদের ক্ষেত্রে এ হার মাত্র ৪৬ শতাংশের কিছু বেশি।
প্রযুক্তিবিদদের মতে, এটি কেবল পরিসংখ্যানগত ব্যবধান নয়; বরং নারীর শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা। একই সঙ্গে গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের মানুষের পরিস্থিতিও প্রায় একই রকম। মোবাইল ডেটার উচ্চমূল্য, স্মার্টফোনের নাগালের বাইরে থাকা এবং ডিজিটাল দক্ষতার ঘাটতি তাদের ইন্টারনেট সুবিধা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৩৮.৯ শতাংশ, যা ২০২৫ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে ৪৮.৯ শতাংশে। তিন বছরে প্রায় ১০ শতাংশ পয়েন্ট অগ্রগতি হলেও পরিসংখ্যান বলছে—ইন্টারনেট ব্যবহার বাড়লেও সেই অগ্রগতি এখনও অসম ও বৈষম্যমূলক।