প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
সংবাদটি শেয়ার করুন....
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল, তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, দীর্ঘ সংগ্রাম ও জনগণের আবেগ বিবেচনায় সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রেরণা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতির কল্যাণে তার গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশকে পথ দেখিয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেন এবং এরশাদের পতনে বড় ভূমিকা রাখেন। তার কর্ম ও সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়েছে, মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করে নারীর শিক্ষায় মাইলফলক স্থাপন করেন। রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল ছিলেন, কোনো নির্বাচনে পরাজিত হননি এবং একাধিক আসনে বিজয়ী হন। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামের প্রতীক, এজন্য তিনি প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেন। প্রধান উপদেষ্টা শোকবার্তায় তার পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানান। মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের বিষয়টি বিএনপি নিশ্চিত করে।