চাইলেই রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না: সড়ক উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১৭:১৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
চালকদের জীবিকা ও তাদের পরিবারের বিষয়টি বিবেচনায় নিয়ে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।
শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ‘বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে সেগুলোকে একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় আনার জন্য কাজ চলছে।
সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ‘চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে এসব রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।’
রাস্তায় বিশৃঙ্খলা প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ঢাকার সড়কে প্রথম বড় সমস্যা হলো বাস। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশৃঙ্খলার মূল উৎস বাসগুলো। তিনি জানান, বাসের এ বিশৃঙ্খলা কমাতে আগামীকাল বা পরশু একটি নতুন বাস সার্ভিস উদ্বোধন করা হবে, যেখানে শুধু নির্দিষ্ট স্থানে বাস থামবে, যত্রতত্র থামার সুযোগ থাকবে না। পর্যায়ক্রমে বিভিন্ন রুটে এই ব্যবস্থা চালু করা হবে।
শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করা এবং নগরকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং ধাপে ধাপে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।’
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।