অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে : এনবিআর চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ১৯:৩৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, এ ব্যবস্থার ফলে ব্যবসায়ীদের রিটার্ন দাখিলসংক্রান্ত ভোগান্তি কমবে এবং একই সঙ্গে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে। ভবিষ্যতে আয়কর ও কাস্টমস রিটার্নও সম্পূর্ণভাবে অনলাইনের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। বুধবার ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট ফেরত দেওয়া হয়। তিনি বলেন, এনবিআরের কার্যক্রমকে পুরোপুরি স্বচ্ছ ও সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন আনা হবে, যার মূল লক্ষ্য জনগণের হয়রানি কমানো। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল কার্যকর হওয়ায় এখন থেকে করদাতারা স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত রিফান্ড পেতে পারবেন এবং রিফান্ড আবেদন দাখিল বা অর্থ গ্রহণের জন্য আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভ্যাট রিফান্ড পেতে ব্যবসায়ীদের দীর্ঘদিন কর কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হতো এবং অনৈতিক লেনদেনের অভিযোগও পাওয়া যেত। তবে ই-ভ্যাট রিফান্ড ব্যবস্থায় এসব ঝামেলা থাকবে না। নতুন পদ্ধতিতে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময়ই প্রয়োজনীয় সব নথিপত্র ডিজিটালি আপলোড করা যাবে, যেখানে ২৪টি নির্ধারিত বিষয়ের ভিত্তিতে যাচাই করা হবে। সবকিছু সঠিক থাকলে ভ্যাট কমিশনারের অনুমোদনের পর ১০ কর্মদিবসের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে রিফান্ডের অর্থ স্থানান্তর করা হবে।