জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১৪ জানুয়ারি
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
গুমের মাধ্যমে শতাধিক মানুষ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ আগামী ১৪ জানুয়ারি ঘোষণা করা হবে। প্রসিকিউশনের অভিযোগ গঠনের আবেদন এবং আসামিপক্ষের অব্যবহিতর আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। শুনানিকালে জিয়াউল আহসান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এদিন প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগে গত ১৭ ডিসেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয় এবং তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ প্রদান করেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি এর আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।