জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার লক্ষ্যে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য তুলে ধরেন তিনি। পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। সে কারণে তাদের দায়মুক্তির অধিকার থাকা স্বাভাবিক ও ন্যায়সংগত।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক যে কার্যক্রম পরিচালিত হয়েছিল, তার জন্য আইনগত দায়মুক্তি দিয়ে একটি আইন প্রণয়ন করা জরুরি। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ বলেও মত দেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, আরব বসন্ত কিংবা সমসাময়িক সময়ের বিভিন্ন গণ-অভ্যুত্থানে জনবিরোধী সরকার পতনের পর একাধিক দেশে এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক নজিরের পাশাপাশি বাংলাদেশের সংবিধানেও এর আইনগত ভিত্তি রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের উদাহরণও রয়েছে। এসব নজির ও সাংবিধানিক বিধানের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে।
আসিফ নজরুল বলেন, ইনশাআল্লাহ এই খসড়া আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের একটি পবিত্র দায়িত্ব।