• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
সংবাদটি শেয়ার করুন....

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়।

সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

ব্যারিস্টার রাশনা ইমাম জানান, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে মঙ্গলবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। চার সপ্তাহ পর যেকোনো সুবিধাজনক দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এর আগে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন আইনসংগত নয় বলে রিটে দাবি করা হয়েছে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...