
ক্ষমতাসীন নেতাকে তুষ্ট করে পদোন্নতির যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে দেশের আমলাতন্ত্রকে গ্রাস করেছে, সেই সংস্কৃতি ভাঙার লক্ষ্যেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা কোনো দলের প্রতিনিধি নন; তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রায়ই শোনা যায়—এই কর্মকর্তা অমুক দলের, ওই কর্মকর্তা তমুক দলের। এ ধরনের কথাবার্তা আর শোনা উচিত নয়। একজন কর্মকর্তার ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতে পারে, তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় তার কোনো প্রতিফলন থাকা চলবে না।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের আমলাতন্ত্র জনসেবার পরিবর্তে নেতা তুষ্টির চর্চায় অভ্যস্ত হয়ে পড়েছে। কারণ, ক্ষমতাসীন নেতাদের সন্তুষ্ট করতে পারলেই পদোন্নতি নিশ্চিত—এই ধারণাই প্রশাসনিক কাঠামোকে দুর্বল করেছে। এই ভ্রান্ত ব্যবস্থা ভাঙতেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রয়োজন।