• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে

আমীর খসরু মাহমুদ চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২১ অপরাহ্ণ
তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা কিনছে
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা তথ্য সামনে আসছে—তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে এবং বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর সংগ্রহ করছে। এসব কৌশলে কিছু করা যাবে না, কারণ জনগণ এতে বিভ্রান্ত হবে না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে সাবধান থাকতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১–এর জন্য ১১ দফা প্রতিশ্রুতিও তুলে ধরেন।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শ ও ৩১ দফার সঙ্গে যদি অন্য কোনো দলের দফা ও পরিকল্পনার মিল থাকে এবং বিএনপি প্রয়োজন মনে করে, তাহলে আলোচনার ভিত্তিতে কোয়ালিশন সরকার গঠনের বিষয়টি বিবেচনায় আসতে পারে—যদিও এর সম্ভাবনা কম।

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা হলে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ অবস্থার উন্নয়নে পুলিশ ও নাগরিকদের যৌথভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণের দল এবং গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি। অন্যদিকে যারা নির্বাচনই চায়নি, জনগণের প্রতি তাদের আস্থা নেই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যেকোনো প্রচেষ্টা গণতন্ত্রকামী জনগণ প্রত্যাখ্যান করবে এবং ব্যালটের মাধ্যমেই তার জবাব দেবে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এলে প্রথমেই বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও এফিসিয়েন্সি সম্পর্কে জানতে চান। এসবের ওপরই বিনিয়োগ নির্ভর করে। তাই ভবিষ্যতের বন্দরের এফিসিয়েন্সি, টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও কস্ট—সবকিছু মিলিয়ে বন্দরকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের মানে নিয়ে যেতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা উল্লেখ করে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি খসরু বলেন, ইনশাল্লাহ বিএনপি যদি কেবিনেটের দায়িত্ব পায়, তাহলে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুসরণ করে চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তুলতে এফিসিয়েন্সি বাড়ানো হবে। মানুষ এখানে আসবে তখনই, যখন সেবা হবে দ্রুত, কার্যকর ও প্রতিযোগিতামূলক—এটাই আমাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।