ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সাউদ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির। শনিবার রিয়াদ -এ অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে দুই পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সৌদি আরবের ওপর সাম্প্রতিক ইরানি হামলার বিষয়টি পর্যালোচনা করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে এমন কার্যক্রম বন্ধে করণীয় নিয়েও মতবিনিময় করেন তারা। আলোচনায় উভয় পক্ষই আশা প্রকাশ করে যে ইরান সংযম ও যুক্তির পথ বেছে নেবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
এই বৈঠকে সৌদি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ফায়াদ আল রওয়ালী এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিসাম বিন সাইফ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইউনাইটেড স্টেট ও ইজরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাশাপাশি কয়েকটি আরব দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা স্বার্থ রয়েছে, সেসব লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে। ফলে এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের প্রায় ১৪টি দেশে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
সূত্র : ডন