• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্নাতক ডিগ্রি ছাড়া স্কুল-কলেজের সভাপতি নয়: শিক্ষা বোর্ডের কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
স্নাতক ডিগ্রি ছাড়া স্কুল-কলেজের সভাপতি নয়: শিক্ষা বোর্ডের কঠোর নির্দেশনা
সংবাদটি শেয়ার করুন....

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অ্যাডহক কমিটি গঠনে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অ্যাডহক কমিটির সভাপতি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতক (পাস) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

সম্প্রতি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চ জারি করা পরিপত্র কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫-এর সংশোধনীসহ) অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নে নির্ধারিত একটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রক্রিয়াগুলো হলো—

  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সভাপতি মনোনয়নের জন্য তিনজন প্রার্থীর জীবনবৃত্তান্তসহ নাম প্রস্তাব করতে হবে।
  • মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে।
  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, খ্যাতিমান সমাজসেবক কিংবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে প্রার্থী প্রস্তাব করা যাবে।
  • প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে শিক্ষা বোর্ড একজনকে সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শিক্ষা প্রসারে অনন্য অবদান বা বিশেষ যোগ্যতার অধিকারী হন, তবে মন্ত্রণালয় তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তবে সাধারণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রির শর্ত বহাল থাকবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই নীতিমালা কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অবিলম্বে এই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।