• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় আবাসিক ভবনে বাণিজ্যিক আগ্রাসন ( প্রথম পর্ব )

রাজউকের নকশা লঙ্ঘন করে সুপার শপ; অভিযানে সিলগালা—আবার চালু, রিটের আড়ালে নিয়ম ভাঙার সংস্কৃতি?

জাহেদী আরমান
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
উত্তরায় আবাসিক ভবনে বাণিজ্যিক আগ্রাসন ( প্রথম পর্ব )
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরার আবাসিক এলাকাগুলোতে ক্রমেই বাড়ছে বাণিজ্যিক আগ্রাসন। সর্বশেষ উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনে রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে সুপার শপ স্থাপনের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, উত্তরা ৪ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের হোল্ডিং নম্বর–২০-এ অবস্থিত একটি পাঁচতলা নির্মাণাধীন ভবন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের ভাষ্যমতে, জাতীয় নির্বাচনের পর হঠাৎ করেই ভবনটিতে সুপার শপ স্থাপনের কাজ শুরু হয়। ভবনের নকশার সামনের অংশে পরিবর্তন এনে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী অবকাঠামো তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভবনটির ডেভেলপার প্রতিষ্ঠান আবরার বিল্ডার্স এন্ড ডেভেলপারর্স লি.। ডেভেলপার প্রতিষ্ঠানের দাবি, প্লটটি একটি আবাসিক প্লট এবং সেখানে কোনো নিয়মবহির্ভূত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম নামের এক ব্যক্তি উক্ত ভবনসহ প্লটটি ক্রয়ের জন্য বায়না করেছেন। তিনিই ‘ডেইলি শপিং’ নামের একটি সুপার শপ স্থাপন করেছেন বলে জানা গেছে। তবে প্লটটির মালিকানা হস্তান্তর সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট রাজউক কর্মকর্তা বলেন, “ডেভেলপার প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ভবনটি এভিনিউ সড়কে অবস্থিত কি না এবং এটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে কি না—তা যাচাই করা হচ্ছে।”

এর আগে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান এর নেতৃত্বে উত্তরা ৪নং সেক্টর আবাসিক ভবনে পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজোয়া, বিসমিল্লাহির মিষ্টি মুখ অ্যান্ড বেকারি, রেড চিকেন, হট কেক, জেমস অ্যান্ড ওয়েস্টার্ন সেলুন, রুমি মিনি সুপারশপ, প্রিমিয়াম ডেন্টালসহ কয়েকটি প্রতিষ্ঠান এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয় ।

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিলগালা করা সেই সব প্রতিষ্ঠান বর্তমানে আবার চালু রয়েছে।  দোকানীরা এ বিষয়ে কথা বলত অস্বিকৃতি জানালেও দোকানগুলোর সামনে টানানো নোটিশে উল্লেখ রয়েছে— “আদালতের অনুমোদন/রিট পিটিশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়েছে।”

এ নিয়ে প্রশ্ন উঠেছে—অভিযান কি কেবল সাময়িক প্রদর্শনী ছিল, নাকি আইনের ফাঁক গলে নিয়ম ভাঙার নতুন পথ তৈরি হয়েছে?

উত্তরার এই চিত্র কেবল একটি ভবনের গল্প নয়—এটি রাজধানীর আবাসিক এলাকাগুলোতে ক্রমবর্ধমান নীতিভঙ্গের প্রতিচ্ছবি। রাজউকের অভিযান, সিলগালা, এমনকি আদালতের রিট—সবকিছুর পরও যদি বাস্তবে নিয়ম লঙ্ঘন চলতেই থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায়—

নগর পরিকল্পনার নিয়ন্ত্রণ কার হাতে, আর দায় নিচ্ছে কে?