বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে জাতির উদ্দেশে এক প্রজ্ঞাপূর্ণ বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পৃথিবী গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন—এই লক্ষ্যেই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে এ দিনটি।
এ বছরের প্রতিপাদ্য—“স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” (Together for Health, Stand with Science)—কে সামনে রেখে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ—এই তিনটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। একটির সুস্থতা অন্যটির ওপর নির্ভরশীল, তাই সম্মিলিত সুরক্ষাই হতে পারে টেকসই সমাধান।
প্রধানমন্ত্রী বলেন, এই সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বয় অপরিহার্য। গবেষণা, উদ্ভাবন এবং টেকসই প্রযুক্তির ব্যবহার ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে তিনি প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভার্চুয়াল রিয়েলিটি (VR), অগমেন্টেড রিয়েলিটি (AR), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML)-এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “Prevention is Better than Cure”—এই চিরন্তন দর্শনকে ধারণ করেই সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতিতে অটল রয়েছে। স্বাস্থ্যসেবাকে কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শহর ও গ্রামে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বড় অংশই হবেন নারী।
স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি। দীর্ঘমেয়াদি ও জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP), স্বাস্থ্যবিমা চালু ও সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনাও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এছাড়া, স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী, যা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তিনি আশাবাদী।
শেষে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন—সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, সবল ও সচেতন জাতি গঠন সম্ভব। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে তিনি দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এ দিবসের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।