• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ২২:১০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্ব ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি
সংবাদটি শেয়ার করুন....

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি হজযাত্রীদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান। পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার কথা বলেন যাতে তারা ভালো সেবা দিতে পারেন। তিনি হজ এজেন্সিসমূহকে তিনদিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দেন। এছাড়া, হজ শেষে হজ এজেন্সিসমূহের কর্মদক্ষতা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। এসময় তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মোঃ এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সভায় গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদারকে কমিটিতে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আসছে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে।