স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন নরসিংদীর বেলাবোতে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন।
গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
এদিন ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এ বছরের জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে হবে। সবাইকে ভাতা দেওয়া হবে। তবে এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
মন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগে দেওয়া ওয়াদা অনুযায়ী আমরা তিনটি বিষয় নিশ্চিত করছি, যাতে মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং সন্তানদের সুশিক্ষা ও সঠিকভাবে লালন-পালন করতে পারে। সে কারণে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী – ৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।