• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা, বিশেষজ্ঞদের নানা পরামর্শ

বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত করিডোরের বাস্তবায়ন, যাত্রীসেবা ও পরিচালনা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা, বিশেষজ্ঞদের নানা পরামর্শ
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, পরিচালন ব্যবস্থা এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটি’র নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবার মানোন্নয়ন, পরিচালন কাঠামো এবং সার্বিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রকল্পটি কার্যকর ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় কিছু কারিগরি ও প্রশাসনিক দিকেও গুরুত্বারোপ করেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিআরটি প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকার যানজট কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।