ডেঙ্গুর ঝুঁকি কমাতে হাকর নদী পরিষ্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী বেনাপোল পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক হাকর নদী কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে অস্তিত্বসংকটে পড়েছে। নদীজুড়ে জমে থাকা পচা পানি ও বর্জ্যের কারণে বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, এতে এডিস মশার প্রজনন ও ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে নদীটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ও স্থানীয় যুবনেতা মো. ইমদাদুল হক ইমদাদ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল আটটার দিকে শীত ও কুয়াশা উপেক্ষা করে জিএম গোডাউনসংলগ্ন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নদীতে নেমে নিজ হাতে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন তিনি। তাঁর এ উদ্যোগে সহযোগিতা করছে বেনাপোলের কয়েকটি সামাজিক ও ক্রীড়া সংগঠন। এর মধ্যে রয়েছে বেনাপোল ক্রীড়া একাডেমি, বেনাপোল বাইকার হুড, ব্লাড ফাউন্ডেশন বেনাপোল ও যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন। এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোলের নারায়ণপুর বিশ্বাসবাড়ী থেকে সীমান্তবর্তী সাদীপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত হাকর নদী একসময় প্রবাহমান ছিল। বর্তমানে কচুরিপানায় পুরো নদী ঢেকে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারিতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীটি খননের পরিকল্পনা নেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এ সুযোগে নদীর দুই পাড়ের কিছু অংশ ভরাট করে দখলের চেষ্টাও চলছে বলে অভিযোগ রয়েছে।
নদীর দূষিত পানি ও জমে থাকা বর্জ্যকে মশার প্রজননের অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বেনাপোল পৌর এলাকার পোড়াদহ, সাদীপুর, দুর্গাপুর, নামাজগ্রামসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. শাহাজালাল মন্টু বলেন, হাকর নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। নদী বাঁচলে বেনাপোলও বাঁচবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে নদী পরিষ্কারের পাশাপাশি দুই পাড়ের বাসিন্দাদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইমদাদুল হক ইমদাদ বলেন, গত মাসে নির্বাচনী প্রচারণার সময় ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর এলাকায় গণসংযোগ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা হাকর নদী পরিষ্কারের দাবি জানান। তখন তিনি নদীটি পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পৌর প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় নিজের প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বেচ্ছায় এ কাজ শুরু করেছেন। নদী পরিষ্কার করা গেলে এলাকার পরিবেশের উন্নতি হবে এবং পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ কর্মসূচিতে সহযোগিতা করা সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইমদাদুল হক ইমদাদ বেনাপোলের সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে হাকর নদী দখল ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন স্থানীয়রা।