• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সংবাদটি শেয়ার করুন....

চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে তিনি ক্ষমা চান।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপে দুঃখ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘ফোনালাপে হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই ঘটনায় কাতারি নাগরিক বদর আল-দোসারি নিহত হন। একইসঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ড লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এই ফোনালাপকে ইসরায়েলি হামলার জেরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ফোনালাপের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ইসরায়েল দোহায় হামলা চালায়। ফিলিস্তিনের গাজায় সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবের সঙ্গে জড়িত হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েল। এতে হামাসের অন্তত পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে যান।