আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আগামী পাঁচ বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রস্তাব অনুমোদনের পর মুনির চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ)–—দুটি দায়িত্বই পেলেন বলে বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে জানায় প্রেসিডেন্টের কার্যালয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, মুনিরকে আরও ক্ষমতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কিছুটা দ্বিধায় ছিলেন—এমন আলোচনা চলমান থাকলেও শেষ পর্যন্ত তাকে সিডিএফ পদে নিয়োগ দেওয়া হলো। এই পদ তাকে পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের সর্বোচ্চ তদারকি ক্ষমতা দিয়েছে; যেখানে দেশের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে তিনি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ব্যক্তিত্বে পরিণত হলেন এবং কার্যত দেশের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ এখন তার হাতে গেল।
গত সপ্তাহেই মুনিরের সেনাপ্রধান হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হয়, এবং একই দিনে সরকার প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগের বিষয়টি জানানোর কথা থাকলেও তা বিলম্বিত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃত্ব আরও কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে গত মাসে পাস হওয়া ২৭তম সংশোধনীর মাধ্যমে সিডিএফ পদটি সৃষ্টি করা হয়। পাশাপাশি প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদ দুই বছর বাড়িয়েছেন, যা কার্যকর হবে আগামী বছরের ১৯ মার্চ থেকে। চলতি বছর ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন মুনির। পাকিস্তানের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি এ সম্মান অর্জন করলেন। এর আগে ১৯৬৫ সালের যুদ্ধ জয়ে নেতৃত্ব দিয়ে জেনারেল আইয়ুব খান এ খেতাব পেয়েছিলেন।