নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘নতুন সংগ্রাম’ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচন শেষ হলেও এখন শুরু হয়েছে নতুন এক সংগ্রাম—ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সংগ্রাম।
শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিল তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দলের নেতাকর্মীরা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাজ করেছেন এবং জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। তাঁর ভাষায়, নির্বাচনের আগে এটি ছিল দলের ইশতেহার, আর সরকার গঠনের পর তা জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে ভোট দেওয়া জনগণের বড় একটি অংশ বিএনপির ঘোষিত পরিকল্পনার পক্ষেই মত দিয়েছে। তাই ইশতেহারে উল্লেখ করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এমন একটি রাষ্ট্র গড়তে চায় সরকার, যেখানে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
বাকস্বাধীনতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও বিতর্কের জন্য একটি সহনশীল পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। অতীতে রাজনৈতিক দমন-পীড়নের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ মতপ্রকাশের কারণে নির্যাতনের শিকার না হয়, সেই পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
সরকার পরিচালনায় দলীয় সমন্বয়ের গুরুত্বের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার সফল করতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।