• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জাতীয় সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ২২:০১ অপরাহ্ণ
প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
সংবাদটি শেয়ার করুন....

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার বিকেলে কলেজটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ অধিবেশন পরিদর্শনে এলে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করেন। এ সময় তাদের সামনে সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকো-ও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।”

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন এবং দেশ গঠনে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।

শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদে আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষামন্ত্রী সংসদের স্পিকারের কাছে ৫০টি নির্ধারিত আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দের প্রস্তাব দেন।

এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর সংসদে ভাষণ উপলক্ষে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।