বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে আগুন জ্বলবে, তেহরানের হুঁশিয়ারি
এ ধরনের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোকে বড় ঝুঁকিতে ফেলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন
অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬, ১৯:৫৩ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
সংবাদটি শেয়ার করুন....
ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির খাতাম আল-আমবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তেহরান জানায়, ইরানের ওপর সামান্যতম আঘাত এলেও এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলের তেল ও গ্যাসক্ষেত্রগুলো আগুনে জ্বলতে পারে।
বিবৃতিতে বলা হয়, যারা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাবে তাদের সমান মাত্রার এবং ধ্বংসাত্মক পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এই সতর্কতা শুধু সরাসরি হামলাকারী দেশগুলোর জন্য নয়, তাদের মিত্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
ইরান আরও জানায়, যদি তাদের জ্বালানি খাত বা সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে কোনো হামলা হয়, তাহলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট তেল-গ্যাস অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। এতে গোটা অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
বিবৃতির শেষে তেহরান জানায়, যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাবে তাদের প্রতিক্রিয়া হবে কঠোর ও চরম।