নিলভোগ রাজউকের নিয়ম লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ : অভিযুক্ত মাসুমা রশীদ রিয়েল এস্টেট
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১৭:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ এলাকার নিশাতনগরে রাজউকের নির্মাণবিধি লঙ্ঘন করে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে একাধিক নিয়ম অমান্য করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
পরিদর্শনে দেখা যায়, নির্মাণাধীন ভবনের চারপাশে শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হয়নি। এতে নির্মাণস্থলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এছাড়া ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে কলামের বাইরে অতিরিক্ত ডেভিয়েশন রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি রাজউকের অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে আরও দেখা যায়, রাজউকের নির্দেশনা অনুযায়ী নির্মাণাধীন ভবনে প্রদর্শনের জন্য নির্ধারিত তথ্যসম্বলিত সাইনবোর্ড থাকলেও সেটির প্রায় এক-তৃতীয়াংশ ঢেকে রাখা হয়েছে। ফলে ভবনের অনুমোদনসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের জন্য স্পষ্টভাবে দৃশ্যমান নয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাসুমা রশীদ রিয়েল এস্টেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ভবনের অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্টদের অফিসে উপস্থিত হতে বলা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তারা রাজউক কার্যালয়ে উপস্থিত হননি।
অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।