অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণা, নতুন মুখ মুশফিক হাসান
আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ছিটকে গেছেন। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার মুশফিক হাসান। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রোববার অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মুশফিক হাসান। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেলেও অভিষেকের সুযোগ হয়নি এই ডানহাতি পেসারের।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং মুশফিক হাসান।
ইনজুরির কারণে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ২০১৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬টি টেস্টে ৮৩১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। ২০২৪ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ছয় টেস্টে তাঁর সংগ্রহ ৩৩৭ রান।
আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকায়েতে।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। সেই সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।