• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
আগামীকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
সংবাদটি শেয়ার করুন....

আগামীকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ (Resilience Starts at home)।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগামীকাল সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথ গুরত্বের সাথে পালিত হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এ উপলক্ষ্যে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে।

দিবসটি উদ্‌যাপনের উদ্দেশ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে ‘বাংলাদেশ’ নামের এ ভূখন্ডটি প্রকৃতির সাথে এক নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস বহন করে। বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, দেশের বুক চিরে প্রবহমান অসংখ্য নদ-নদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশাল জনগোষ্ঠীর সৃষ্ট চাপ, সবমিলিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকান্ড, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ এখানে অনিবার্য বাস্তবতা। এমন প্রেক্ষাপটে মানুষ যখন হতবিহ্বল হয়ে পড়ে তখনই পাশে এসে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে মানুষকে শান্তি ও স্বস্তি দেয়াই দিবসটি পালনের উদ্দেশ্য।