আগের নির্বাচনের চেয়ে আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
চ্যালেঞ্জ থাকলেও আগের নির্বাচনের তুলনায় আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) আয়োজিত ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আগের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার নিচে নামার কোনো সুযোগ নেই। বরং সম্ভব হলে এবার আরও উন্নত নির্বাচন আয়োজন করা হবে।
তিনি বলেন, ‘এখন আশা করছি, সবার সহযোগিতা নিয়ে আমরা ভালো নির্বাচন করতে পারব। কোনো অসুবিধা হবে না।’
স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখনই নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ আমরাই ঠিক করব। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই সিদ্ধান্ত নেব।’
সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কিছু আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ চলছে। এ কারণে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে। কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সংশোধনের কাজ শেষ করে সংশ্লিষ্ট প্রস্তাব মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ প্রস্তুতির ওপর নির্ভর করে না উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রস্তুতিও গুরুত্বপূর্ণ।
মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।
জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন প্রকৃতির উল্লেখ করে সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তুলনামূলকভাবে সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। তাই এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হবে।
তিনি বলেন, ‘আশা করি আমরা সবাইকে নিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারব।’
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বাস্তব বিষয় বিবেচনায় নেওয়ার কথা জানান সিইসি। দুর্গাপূজা, বর্ষা ও বন্যার সম্ভাবনা, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগের মতো বিষয়গুলো সমন্বয় করে উপযুক্ত সময়ে নির্বাচন শুরু করা হবে।
তবে এসব কারণে স্থানীয় সরকার নির্বাচন অযথা বিলম্বিত হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, ‘৯০ দিনের মধ্যে এটা হয়ে যাবে। আমরা সে অনুযায়ী কাজ করছি।’