• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ

বাসস
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, একটি দল কৌশলের আশ্রয় নিয়ে জুলাই আন্দোলনের সুফল এককভাবে নিজেদের ঘরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তা সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে সফল হয়েছে—এ কথা দেশবাসীর অজানা নয়। শনিবার (১৭ জানুয়ারি) জেলার হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ বলেন, আন্দোলনের ফসল কেউ এককভাবে ঘরে তুলতে চাইলে এ দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে—এ কারণেই এটি সবার আন্দোলন। প্রথমে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন পরে জনতার অংশগ্রহণে গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার যতটুকু অবদান ও অংশগ্রহণ রয়েছে, সবাইকে সম্মান জানাতে হবে এবং এই বিজয়কে সবার বিজয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। ডা. জাহিদ বলেন, পলাতক স্বৈরাচার যে গুম, খুন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তার বিচার এই বাংলার মাটিতেই হবে। যারা বিদেশে অর্থ পাচার করেছে, সেই অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে এবং একই সঙ্গে তাদের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অন্যরা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...