• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:৫৩ অপরাহ্ণ
এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে পর্যাপ্ত সহায়ক পরিবেশ বিদ্যমান রয়েছে এবং এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। নির্বাচনকে সামনে রেখে কমিশনের সদস্যরা বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করছেন। জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই মানসিকতা তাদের মধ্যে স্পষ্টভাবে রয়েছে।

শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। কমিশনের অবস্থান স্পষ্ট—নির্বাচনের পরিপন্থী কোনো কার্যক্রম সমর্থন করা হবে না। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতোমধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার অপসারণ ও নির্ধারিত সফর বাতিলের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের নেতাদের পারস্পরিক বক্তব্য নির্বাচনকালীন রাজনৈতিক কৌশল ও ভোটযুদ্ধের অংশ। তবে যেকোনো ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন কমিশন কঠোরভাবে নিন্দা জানায়। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনাও নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।