ঢাকার কেরাণীগঞ্জের বহুতল ভবনের আগুন ১০ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগানগরের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বেলা সাড়ে ৩টার দিকে বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বেজমেন্টে বিভিন্ন দোকান ছাড়াও ঝুটের গোডাউন রয়েছে। সেসবে আগুন বিস্তৃত হওয়ায় এবং ঝুটের স্তূপে আগুন থাকায় নিয়ন্ত্রেণে আনতে সময় লাগছে।
“প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন রয়েছে। উপরে রয়েছে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।”
তিনি জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।