• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:২৮ অপরাহ্ণ
কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই
সংবাদটি শেয়ার করুন....

কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতেই—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন-পরবর্তী সময়ে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই; বরং মানুষের পাশে থেকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন। ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা নির্বাচনে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন। ফলাফল মেনে নিয়ে তিনি বলেন, পরাজয় রাজনৈতিক যাত্রার সমাপ্তি নয়, বরং জনগণের সঙ্গে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নতুন অধ্যায়। নির্বাচনে বিজয়ী দল বিএনপি এবং ঢাকা-৯ আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশীদ হাবিবকে অভিনন্দন জানিয়ে তিনি জানান, ফল ঘোষণার রাতেই ফোন করে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের ও এলাকার মানুষের কল্যাণে তাদের সফলতা কামনা করে তিনি বলেন, জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা থাকবে, তবে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। নির্বাচনী প্রচারণায় নারীদের সক্রিয় অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের উপস্থিতি আলোচনাকে আরও সমৃদ্ধ করে। তরুণীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—স্বপ্ন দেখতে ভয় না পেয়ে নেতৃত্বের জায়গায় এগিয়ে আসতে হবে। ভলান্টিয়ারদের অবদান তুলে ধরে তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতির প্রাণশক্তি তারাই এবং সাধারণ মানুষের রাজনৈতিক সম্পৃক্ততার যে উদাহরণ তারা তৈরি করেছেন তা অনন্য। নির্বাচন শেষে তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন—এমন ধারণার জবাবে স্পষ্টভাবে বলেন, তার শেকড় এই দেশেই এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দীর্ঘ পথচলায় তিনি এখানেই থাকবেন। তিনি আরও উল্লেখ করেন, পরিচ্ছন্ন রাজনীতি টিকিয়ে রাখতে শক্তিশালী সংগঠন গড়ে তোলা জরুরি এবং নির্বাচনের দিনে প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট ও সচেতন নাগরিকদের উপস্থিতি প্রয়োজন। ভয়ভীতি মোকাবিলায় সক্ষম সংগঠন তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া সাহসী মানুষদের অবদান স্মরণ করে তিনি গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন এবং অধ্যাপক ইউনূস, তাঁর টিম ও নির্বাচন কমিশনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ৪৪ হাজারের বেশি ভোটকে ভবিষ্যৎ রাজনীতির শক্ত ভিত্তি উল্লেখ করে তাসনিম জারা বলেন, তাদের প্রচারণা প্রমাণ করেছে মানুষ পরিচ্ছন্ন রাজনীতি চায় এবং পুরোনো রাজনৈতিক ধারা ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের সেরা সময় এখনো সামনে।