• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর
সংবাদটি শেয়ার করুন....

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ইউনুস। একইসঙ্গে তার পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এই সংবাদটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে ফলাও করে প্রচার করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম ‘আলজাজিরা’ শনিবার (৩০ নভেম্বর) সকালে ‘‘বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি’’ শিরোনামে জানিয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিবার ও সমর্থকরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

এছাড়া বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমটি জানায়, গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের ভাষায়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘ডন’ ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’’ শিরোনামে জানায়, তিনবার প্রধানমন্ত্রী থাকা জিয়াকে ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয় এবং চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত বছর তাকে মুক্তি দেওয়া হয়।

গণমাধ্যমটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের একটি বিবৃতি তুলে ধরে জানায়, ‘গণতন্ত্রের এই ক্রান্তিকালে খালেদা জিয়া জাতির জন্য একটি অনুপ্রেরণার প্রতীক। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত জরুরি।’

ভারতের গণমাধ্যম এনডিটিভি ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে’’ শিরোনামে জানায়, ৮১ বছর বয়সী জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার অবস্থা ‘খুবই সংকটজনক’।

বিএনপি নেতা আহমেদ আজম খানের বরাতে গণমাধ্যমটি জানায়, খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ চলছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে, এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

খালেদা জিয়ার অবস্থাকে ‘খুবই সংকটজনক’ উল্লেখ করে মধ্যপ্রাচ্যভিত্তিক ‘গালফ নিউজ’ জানায়, তিনি হৃদরোগ, লিভার, কিডনি সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস ও চোখের সমস্যায় ভুগছেন। তার শরীরে একটি স্থায়ী পেসমেকার রয়েছে এবং এর আগে হার্টে স্টেন্ট বসানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘খালিজ টাইমস’ জানায়, খালেদা জিয়া হৃদরোগ, লিভার, কিডনি সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের জটিলতা, আর্থ্রাইটিস এবং চক্ষু সমস্যাসহ নানা অসুস্থতায় ভুগছেন।