টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত ‘ফ্রম ক্লাশরুম টু ইকোনমি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতার দিকে যাওয়ার বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে।
তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি সমন্বিত ধারাবাহিকতা তৈরির প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। বিভিন্ন খাতের প্রতিনিধিরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
ববি হাজ্জাজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা খাতের অগ্রগতিতে কাজে লাগানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ ধরনের সংলাপ ভবিষ্যতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা ও জ্ঞানবিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও আলোচনায় মত প্রকাশ করা হয়।