ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহী সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এই সফরে নওগাঁ ও বগুড়াতেও পৃথক সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, তাকে কেন্দ্র করে রাজশাহীতে বড় ধরনের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলা সমন্বয়ে আয়োজিত হচ্ছে নির্বাচনী জনসভাটি। দলীয় প্রধানের সফরকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিএনপির নেতারা জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহী সফরে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আগামী ২৯ জানুয়ারি আবারও রাজশাহীতে আসছেন তিনি। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।
বুধবার রাজশাহী বিএনপির নেতৃবৃন্দ জানান, সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা একাধিক দফায় জনসভাস্থল পরিদর্শনসহ প্রস্তুতি কার্যক্রম তদারকি করেছেন।
রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীসহ পুরো উত্তরবঙ্গের জন্য তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন। তার বক্তব্য দেশের মানুষকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ পৌঁছে এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর নওগাঁ থেকে বগুড়ায় গিয়ে রাত ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। রাতে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখবেন। পরে মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় গাবতলীতে পৈতৃক নিবাস এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।