দেশে পর্যাপ্ত সারের মজুত আছে; কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত আছে, এতে করে কৃষকের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। কৃত্রিম সার সংকট তৈরি করে প্যানিক সৃষ্টিকারীদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী গতকাল লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সার মৌসুম ঘিরে মজুতদারি, কালোবাজারি, সরকারি কর্মকর্তার গাফলতিসহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী।
উল্লেখ্য, সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে এ কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদ প্রধানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কৃষি বিভাগের কর্মকর্তাসহ জেলার সার ব্যবসায়ী ও ডিলারগণ সভায় উপস্থিত ছিলেন।